বাংলা হুড ডেস্ক: অ্যান্ড্রয়েড ফোন একটু পুরোনো হলে প্রায় সবাই মুখোমুখি হয় পরিচিত সমস্যার—‘স্টোরেজ ফুল’। ছবি, ভিডিও, অ্যাপ এবং অন্যান্য প্রয়োজনীয় ফাইলের মধ্যে কী রাখা হবে আর কী মুছে ফেলা যাবে, তা ঠিক করতে গিয়ে অনেক সময় কেটে যায়। পছন্দের মুহূর্তগুলো হারাতে চাইলেও কেউ নতুন কিছু ডিলিট করতে চায় না। কিন্তু এই সময়ই আমরা প্রায়ই ভুলে যাই এক গুরুত্বপূর্ণ বিষয়—স্মার্টফোনের অপারেটিং সিস্টেম (OS) আপডেট করা, যা ফোনের পারফরম্যান্স ও স্টোরেজ ব্যবস্থাকে অনেকটা সহজ করে দিতে পারে।
কিন্তু এই অবহেলা বড় ধরনের বিপদের কারণ হতে পারে। শুধু ফোনের পারফরম্যান্সই নয়, ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে। এই নিয়ে সতর্কবার্তা জারি করেছে ভারতের সরকারি সাইবার নিরাপত্তা সংস্থা সার্ট-ইন (Computer Emergency Response Team-India)। সংস্থাটি বিশেষভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দ্রুত লেটেস্ট সিকিউরিটি আপডেট ইনস্টল করার আহ্বান জানিয়েছে, যাতে তথ্য চুরি বা ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকি কমানো যায়।
অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কী সতর্কবার্তা দিল সার্ট-ইন?
সার্ট-ইনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জানুয়ারি মাসে প্রকাশিত অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করা জরুরি। সংস্থার মতে, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে একটি গুরুতর নিরাপত্তা ফাঁক ধরা পড়েছে, যা ব্যবহার করে নির্দিষ্ট অ্যান্ড্রয়েড ডিভাইসকে টার্গেট করে সাইবার আক্রমণ চালানো সম্ভব। এমন আক্রমণে ডিভাইসের মেমোরি ক্ষতিগ্রস্ত হতে পারে, সিস্টেম ক্র্যাশ করতে পারে এবং গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষভাবে, যদি কোনো প্রতিষ্ঠানের অ্যান্ড্রয়েড ডিভাইস আক্রান্ত হয়, তাহলে সংবেদনশীল তথ্য ফাঁসের সম্ভাবনা আরও বাড়ে।
আপডেট না করলে কোথায় ঝুঁকি?
সার্ট-ইন সতর্ক করে জানাচ্ছে, যারা লেটেস্ট সিকিউরিটি আপডেট ইনস্টল করবেন না, তাদের ফোন বা কোনো প্রতিষ্ঠানের ব্যবহৃত অ্যান্ড্রয়েড ডিভাইস হ্যাকারদের আক্রমণের জন্য উন্মুক্ত থাকবে। বিশেষ করে এই নিরাপত্তা ত্রুটির সঙ্গে যুক্ত রয়েছে ডলবি ডিজিটাল প্লাস ইউনিফায়েড ডিকোডার, যা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে মিডিয়া প্রসেসিংয়ের কাজে ব্যবহৃত হয়। এই টুলে ধরা পড়া সমস্যা থেকেই তৈরি হয়েছে সাইবার ঝুঁকি, যার ফলে ডিভাইসের তথ্য ফাঁস বা ক্ষতির আশঙ্কা রয়েছে।
ডলবি কী বলছে?
ডলবি সমস্যার কথা স্বীকার করলেও জানিয়েছে, বিষয়টি যতটা ভয়াবহ বলে প্রচার হচ্ছে, বাস্তবে ততটা নাও হতে পারে। তাদের মতে, সর্বোচ্চ যা হতে পারে, তা হলো মিডিয়া প্লেয়ার ক্র্যাশ করা । এ ছাড়া ফোন অটো রিস্টার্ট নিতে পারে। তবে পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ কোনো তৃতীয় পক্ষের হাতে চলে যাওয়ার আশঙ্কা নেই বলেই দাবি Dolby-এর।
গুগলের অবস্থান
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্যা প্রথম ধরা পড়ে ২০২৫ সালের অক্টোবর মাসে। বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে গুগল পরবর্তীতে নতুন সিকিউরিটি আপডেট প্রকাশ করে। ৫ জানুয়ারির সিকিউরিটি বুলেটিনে এই ত্রুটির কথা উল্লেখ করে রোলআউট করা হয়েছে, এবং সার্ট-ইন এখন ব্যবহারকারীদের এই আপডেট দ্রুত ইনস্টল করার পরামর্শ দিচ্ছে, যাতে ডিভাইসের নিরাপত্তা ঝুঁকি কমানো যায়।
ব্যবহারকারীদের জন্য পরামর্শ
বিশেষজ্ঞদের মতে, স্টোরেজ বাঁচাতে গিয়ে সিকিউরিটি আপডেট এড়িয়ে যাওয়া কোনোভাবেই নিরাপদ নয়। প্রয়োজনে অপ্রয়োজনীয় ছবি বা অ্যাপ মুছে হলেও নিয়মিত OS ও সিকিউরিটি আপডেট ইনস্টল করা উচিত। কারণ একটি ছোট আপডেটই পারে আপনার ফোনকে বড় ধরনের সাইবার ঝুঁকি থেকে রক্ষা করতে।
