আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, ৬১ জেলায় একযোগে অনুষ্ঠিত

বাংলা হুড ডেস্ক, বাংলাদেশঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত পরীক্ষা আজ শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। তিনটি পার্বত্য জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে আয়োজিত এই পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ১০ লাখ ৮০ হাজার চাকরিপ্রার্থী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট ১৪,৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে ১০ লাখ ৮০,০৮০টি। এর ফলে গড়ে প্রতিটি পদের জন্য প্রায় ৭৫ জন প্রার্থী প্রতিযোগিতায় নামেছেন।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে ২ জানুয়ারি নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে পরীক্ষার্থীদের সুবিধা এবং প্রশাসনিক সমন্বয় বিবেচনায় নিয়ে আজ বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। দুপুর ২টার মধ্যে নির্ধারিত আসনে বসতে হবে এবং আড়াইটায় কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। পরীক্ষা চলাকালে কেউ কেন্দ্র ত্যাগ করতে পারবে না।

পরীক্ষা কেন্দ্রে বই, নোট, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ঘড়ি ও ব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার্থীদের উভয় কান খোলা রাখতে হবে এবং উত্তরপত্রে শুধু কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

ওএমআর শিট সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীর জন্য নির্ধারিত সেট কোড থাকবে, যা প্রবেশপত্রে উল্লেখ আছে। এই কোড অনুসরণ না করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রসঙ্গে ডিপিই জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার সব ধাপ স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হয়। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রথম ধাপে ছয় বিভাগে ১০,২১৯টি পদের বিপরীতে ৭,৪৫,৯২৯টি আবেদন পড়েছিল এবং দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪,১৬৬টি পদের বিপরীতে ৩,৩৪,১৫১টি আবেদন জমা পড়েছে।

JANARUL KHAN
JANARUL KHANhttp://banglahood.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
Latest news
Related news